প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
মেসির সঙ্গে একাদশে এমবাপ্পে-হলান্ড-ইয়ামাল, বাদ হ্যারি কেইন
স্পোর্টস ডেস্ক ||
তিন বছর পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা পুরুষ একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ২০২৬ সালের এই একাদশে তাঁর সঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড ও লামিনে ইয়ামালের মতো তারকারা। তবে এবারের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন এই দলে জায়গা পাননি।এ নিয়ে মোট ১৮ বার ফিফপ্রোর বর্ষসেরা একাদশে নির্বাচিত হলেন মেসি। ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলারের ভোটে এবারের সেরা একাদশ নির্বাচন করা হয়েছে।অন্যদিকে, এই একাদশে জায়গা করে নিয়ে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল। কিশোর বয়সে দ্বিতীয়বারের মতো ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া প্রথম ফুটবলার তিনি। এবারের ব্যালন ডি’অর ভোটেও তৃতীয় অবস্থানে ছিলেন ইয়ামাল।
আক্রমণভাগে মেসি ও ইয়ামালের সঙ্গে আছেন এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হলান্ড। ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের পর দ্বিতীয় হয়েছিলেন এমবাপ্পে।
মধ্যমাঠে জায়গা পেয়েছেন জুড বেলিংহাম, বার্সার রদ্রি ও পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ব্যালন ডি’অরের ভোটে চতুর্থ হয়েছিলেন রদ্রি।
রক্ষণভাগে আছেন বার্সার পাউ কুবার্সি এবং পিএসজির আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। গোলরক্ষক হিসেবে একাদশে জায়গা পেয়েছেন আর্সেনাল ও স্পেনের দাভিদ রায়া।
ব্যালন ডি’অরজয়ী কেইনের পাশাপাশি বাদ পড়েছেন বায়ার্ন মিউনিখের সতীর্থ মাইকেল ওলিসে এবং গত বছরের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। পিএসজির খভিচা কাভারাসখেলিয়াও জায়গা পাননি। ব্যালন ডি’অরের ভোটে ষষ্ঠ ও সপ্তম হয়েছিলেন যথাক্রমে কাভারাসখেলিয়া ও দেম্বেলে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম