প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন
শেখ মোহাম্মদ পারভেজ , ঢাকা প্রতিনিধি ||
রাজধানী ঢাকায় সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর এবং উত্তরার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনেও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এদিকে, টিএসসি মেট্রো স্টেশনের নিচে ককটেলভর্তি একটি ব্যাগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনের ভেতরে প্রবেশ করায় সেখানে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে স্টেশনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ছোটাছুটি শুরু করেন।পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফার্মগেট মেট্রোরেল স্টেশন। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লাল-সাদা রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাস থেকে বের হওয়া ধোঁয়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ স্থানে একই সময়ে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার বিস্তারিত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম