প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
মৌলভীবাজারে শামস ফুড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি,খাবারে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ‘শামস ফুড বেকারি’কে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ জরিমানা করা হয়।অভিযানকালে বেকারিটিতে খাদ্য তৈরির পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। কেক,বিস্কুট ও রুটি তৈরিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহারের পাশাপাশি পচা ও নোংরা পরিবেশে সংরক্ষিত ব্রেড পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়েছিল। এ ছাড়া ময়লাযুক্ত ট্রেতে খাদ্য প্রস্তুত,তেল মেশানোর কাজে রঙের ব্রাশ ব্যবহার এবং ছত্রাকযুক্ত কাঠের টেবিলে খাবার তৈরির বিষয়টি নজরে আসে।কারখানার পাশে ময়লার ভাগাড় থাকায় দুর্গন্ধ ও মাছির উপদ্রব ছিল। মিক্সিং মেশিন ও বাসনপত্র ছিল অপরিষ্কার ও তেলচিটে। খাবার ঢেকে রাখার কাজে ময়লা ও কালিযুক্ত খবরের কাগজ ব্যবহার এবং অপরিচ্ছন্ন ডিম সংরক্ষণেরও প্রমাণ পাওয়া যায়।এ ছাড়া অধিকাংশ পণ্যের বিএসটিআই সনদ না থাকা,মোড়কে পণ্যের উপাদান ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করা এবং পণ্যের মোড়কে আগাম বা জালিয়াতিপূর্ণ তারিখ ব্যবহারের বিষয়টি পাওয়া যায়। খাদ্য মজুতের স্থানেই কর্মীদের থাকার ব্যবস্থাসহ সার্বিকভাবে স্বাস্থ্যবিধি না মানার চিত্রও উঠে আসে।এসব অনিয়ম ও অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় বেকারিটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম