প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
পাঁচ মাস ধরে লিখতে পারছে না সুমাইয়া, শিক্ষিকার শাস্তি দাবি পরিবারের
মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ||
দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির এক শিশুর ডান হাত গুরুতর আহত হয়ে স্বাভাবিক কর্মক্ষমতা হারানোর অভিযোগ উঠেছে। পাঁচ মাস পেরিয়ে গেলেও হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে পায়নি শিশু শিক্ষার্থী সুমাইয়া আক্তার (৮)। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার।সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন সুমাইয়ার বাবা ছাইদুর রহমান। পরে তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও পরিবারের লোকজন মানববন্ধন করেন।সংবাদ সম্মেলনে ছাইদুর রহমান অভিযোগ করেন, উপজেলার বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতার প্রায়ই শিক্ষার্থীদের শারীরিকভাবে শাস্তি দিতেন। তাঁর স্টিলের বেতের আঘাতে সুমাইয়ার ডান হাত গুরুতর আহত হয়। একপর্যায়ে হাতটি ফুলে যায় এবং স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে।ছাইদুর রহমান বলেন, গত পাঁচ মাস ধরে তাঁর মেয়ে কলম ধরতে ও লিখতে পারছে না। এমনকি নিজের হাতে খাবার খাওয়া ও জামাকাপড় পরার মতো স্বাভাবিক কাজও করতে পারছে না। বর্তমানে সে একজন অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, হাতটি পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে।তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ভুক্তভোগী পরিবার হতাশ। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।পরে একই দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও ভুক্তভোগী পরিবারের লোকজন অংশ নেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষিকা সেলিনা আখতার মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আমি এ স্কুলে ২০ বছর ধরে আছি। এতদিনেও কেউ কোনো অভিযোগ করেনি। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না।’
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম