প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
বেতন বাড়ল গ্রাম পুলিশের, সঙ্গে আরও যেসব সুবিধা
ডেস্ক নিউজ ||
সরকার গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের জন্য মাসিক মোবাইল ভাতা চালু করা, বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমানো এবং নারী সদস্যদের ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে।এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক চারটি পরিপত্র ও সম্মতিপত্র জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে জারি করা এসব পরিপত্রে সই করেছেন সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পুলিশ প্রধান বা দফাদারের মাসিক বেতন ১০ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, সাধারণ গ্রাম পুলিশ সদস্য বা মহল্লাদারদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ বাহিনীর মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব সুবিধা দেওয়ার ঘোষণা দেন। এবার প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নে আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে সরকার।
৪৬ হাজার গ্রাম পুলিশের বেতন বেড়েছে
স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, বর্তমানে দেশে ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৫৭৮ জন গ্রাম পুলিশ প্রধান এবং ৪১ হাজার ২৯২ জন সাধারণ গ্রাম পুলিশ কর্মরত আছেন। সব মিলিয়ে ৪৫ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য বর্ধিত বেতন পাবেন।
গ্রাম পুলিশদের বেতন–ভাতার ৫০ শতাংশ সরকার ও বাকি ৫০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়ার নিয়ম। নতুন করে বাড়ানো মাসিক ৫০০ টাকার পুরোটাই সরকার বহন করবে। এ জন্য বিদ্যমান সরকারি বরাদ্দের অতিরিক্ত অর্থছাড়ের প্রয়োজন হবে। স্থানীয় সরকার বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কাছে এ বিষয়ে সম্মতি চেয়েছে।
মাসে ২০০ টাকা মোবাইল ভাতা
গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সুবিধার্থে নতুন করে মাসিক ২০০ টাকা মোবাইল ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ টাকা সরকার এবং বাকি ১০০ টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে দেওয়া হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে অর্থ বিভাগে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও দুর্যোগকালীন জরুরি যোগাযোগে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সময় থানা ও ইউনিয়ন পরিষদের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়।
বাইসাইকেল পাবেন তিন বছর পর
গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল পাওয়ার সময়সীমাও কমিয়েছে সরকার। আগে পাঁচ বছর পরপর একটি বাইসাইকেল পাওয়ার যোগ্য হতেন তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন বছর পরপর বাইসাইকেল পাওয়ার সুযোগ থাকবে।
এ বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত সুবিধা বাস্তবায়নের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ প্রধান ও সাধারণ গ্রাম পুলিশের বাইসাইকেল পাওয়ার যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে বাইসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম পাওয়ার নিয়ম নির্ধারণ করা হয়েছিল। নতুন পরিপত্রের মাধ্যমে শুধু বাইসাইকেল পাওয়ার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। অন্যান্য শর্ত ও সরঞ্জামের প্রাপ্যতা আগের মতো বহাল থাকবে।
মাতৃত্বকালীন ছুটি ছয় মাস
নারী গ্রাম পুলিশ সদস্যদের জন্য ছয় মাসের পূর্ণ বেতনে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছে সরকার। নতুন পরিপত্র অনুযায়ী, কোনো নারী গ্রাম পুলিশ সদস্য মাতৃত্বকালীন ছুটির আবেদন করলে প্রচলিত বিধিবিধান অনুসরণ করে তাঁকে পূর্ণ বেতনে ছয় মাসের ছুটি মঞ্জুর করতে হবে।
বলা হয়েছে, মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় সংশ্লিষ্ট নারী সদস্যের মাসিক বেতন–ভাতার সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশ যথারীতি পরিশোধ নিশ্চিত করতে হবে।
স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক নানা কাজে নারী গ্রাম পুলিশ সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। তৃণমূল পর্যায়ে কর্মরত এসব নারী সদস্যের কল্যাণ ও পরিবারের প্রতি সরকারের সমর্থনের অংশ হিসেবে মাতৃত্বকালীন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম