প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চেয়ে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল
ডেস্ক নিউজ ||
ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি ই-মেইল পাঠানো হয়েছে। এতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয়েছে।সোমবার (৯ নভেম্বর) সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লির একটি কূটনৈতিক সূত্র। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে হাইকমিশন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও জানিয়েছে, দিল্লি হাইকমিশন থেকে এ ধরনের একটি ই-মেইল পাওয়া গেছে। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলে জানা গেছে।তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, ই-মেইলটি যে শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র বা অথরাইজেশন সংক্রান্ত কোনো নথি দেওয়া হয়নি। সাধারণত কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে ওই ব্যক্তির অনুমতিপত্র জমা দিতে হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রিক্সের মেইলের শুরুতে আইনজীবী লিখেছেন, তিনি শেখ হাসিনার আইনজীবী হিসেবে তার পক্ষে যোগাযোগ করছেন। এরপর কয়েকটি বিষয় তুলে ধরে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।
হাইকমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রয়টার্স তাদের হাতে আসা এক চিঠির বরাতে জানায়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। আজ তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন করেছেন।
রয়টার্সের ওই প্রতিবেদনে আরও জানানো হয়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।
তথ্যসূত্র: প্রথম আলো
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম