প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে বিপ্লব দিবসে মাইকে অসাবধানতাবশত বাজা গান নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
||
আবদুর রহিম (চট্টগ্রাম মহানগর):জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক কর্মসূচীতে মাইকে অসাবধানতাবশত একটি গান বেজে ওঠাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ উঠেছে।গতকাল শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ই নভেম্বর দিবসটি উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চৌমুহনী মোড়ে মাইকে গান ও বক্তব্য প্রচারের উদ্যোগ নেওয়া হয়। আয়োজকরা জানান, অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্ব এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্য ধারাবাহিকভাবে বাজানো হচ্ছিল।বক্তব্য প্রচারের এক পর্যায়ে কারিগরি অসাবধানতাবশত হঠাৎ ইউটিউবের অটো-প্লে বা অ্যালগরিদমের কারণে আনুমানিক ৩০ সেকেন্ডের জন্য শেখ হাসিনাকে নিয়ে তৈরি একটি গান বেজে ওঠে। ঘটনাটি ঘটার সাথে সাথেই সাউন্ড সিস্টেম চালকরা তা বন্ধ করে দেন। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি স্বার্থান্বেষী ফ্যাসিস্ট গোষ্ঠী অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালায়।বিষয়টিতে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, "আমরা আয়োজকদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে, এটি ইউটিউব থেকে সরাসরি বক্তব্য সম্প্রচারের সময় কারিগরি ভুলের কারণে ঘটেছে। ভুলবশত সাময়িক কিছু সময়ের জন্য অন্য গানটি বেজে ওঠে। সুতরাং এটি নিয়ে অপ্রয়োজনীয় তোলপাড় বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।"এদিকে ঘটনার বিষয়ে আয়োজক কমিটির পক্ষ থেকে গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাঁরা জানান, কিছু চিহ্নিত অপশক্তি ও ফ্যাসিস্ট সমর্থক গোষ্ঠী ঘটনাটিকে বিকৃত করে বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে। তথ্য বিকৃতির তীব্র প্রতিবাদ জানিয়ে আয়োজকরা সবাইকে বিভ্রান্ত না হওয়ার এবং প্রকৃত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জোর আহ্বান জানিয়েছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম