প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে পরীমণিকে বয়কটের আহ্বান ও জুতা নিক্ষেপ
বিনোদন ডেস্ক ||
সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের প্রতিবাদে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণিকে বয়কটের আহ্বান জানিয়ে বিক্ষোভ ও তাঁর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন চট্টগ্রামের একদল সাংবাদিক।শনিবার (৭ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে এবং সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। স্বাধীনভাবে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে না দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। তারকাখ্যাতি থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যান না এবং একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এ ধরনের উদ্ধত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে দেশের পুরো সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধরা চিত্রনায়িকা পরীমণির ছবিতে জুতা নিক্ষেপ করে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।এর আগে গত ৫ নভেম্বর আদালতে জামিন পাওয়ার পর ঢাকার আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল হোসেন রাজুর ওপর চড়াও হন চিত্রনায়িকা পরীমণি। সেই ঘটনার জের ধরেই সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে এই প্রতিবাদের কর্মসূচি নেওয়া হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম