প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
উজিরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত
||
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।৮ নভেম্বর রোববার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুল গাফফার চৌধুরী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী। বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন, উজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি। সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহাদ সুমনসহ বিভিন্ন ইউনিয়নের সমবায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সমবায়ের মাধ্যমে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে কৃষক, শ্রমিক, দিনমজুর, তরুণ ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব।তিনি আরও বলেন, মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। তাই সবাইকে সমবায়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম