প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
এস এম মাসুদ , কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ||
যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে ঐতিহাসিক ‘৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনের এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব সুসংহত এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রার এক অনন্য মাইলফলক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম