প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নুরুল হক রুনু , জেলা প্রতিনিধি ||
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হচ্ছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।সারা জেলায় সরকারি কর্মসূচির পাশাপাশি জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা পাবলিক হলে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হায়তার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের অবসান ঘটে। এর মধ্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার পথ তৈরি হয়।দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম