প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
কুবিতে শিক্ষার্থী-পুলিশের ঘটনায় তদন্ত কমিটি গঠন
প্রীতম কান্তি গোপ, কুবি প্রতিনিধি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও কোতোয়ালি থানা-পুলিশ সদস্যদের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, গত ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা পুলিশ লাইনস-সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোতোয়ালি থানা-পুলিশ সদস্যদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে।কমিটির আহ্বায়ক করা হয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হককে। সদস্য হিসেবে রয়েছেন বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মহিউদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ফয়সাল বিন আবদুল আজিজ এবং সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। কমিটির সদস্যসচিব করা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদারকে।অফিস আদেশে কমিটিকে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে সাত কর্মদিবসের মধ্যে উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে। এ কারণে বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।’তিনি আরও বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।’
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম