প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
ডেস্ক নিউজ ||
আজ শনিবার, ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার অভূতপূর্ব ও ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যাবতীয় চক্রান্ত নস্যাৎ করা হয়েছিল। ঐতিহাসিক এই দিনে বন্দিদশা থেকে মুক্ত করে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে (পরবর্তীতে রাষ্ট্রপতি) রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত করা হয়। এর মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং স্থিতিশীলতার সূচনা ঘটেছিল।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকালে রাজধানীর নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। পায়ে হেঁটে এই ঐতিহাসিক শোভাযাত্রার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সকালে উদ্বোধনী বক্তব্যের পর নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। এর আগে সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারের পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রীসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।৭ই নভেম্বরকে জাতীয় ইতিহাসের একটি অতীব তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশপ্রেমিক সৈনিক ও জনতার এই সমন্বিত প্রতিরোধ তৎকালীন সব গভীর চক্রান্ত নস্যাৎ করেছিল। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বৈরাচারী প্রবৃত্তি প্রতিহত করার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি সামরিক বাহিনী, ছাত্র-জনতা ও সকল রাজনৈতিক দলকে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টার জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি পালনের অংশ হিসেবে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরণের যানবাহনের জন্য এই সুবিধা প্রযোজ্য থাকবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম