প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
নেত্রকোনার সীমান্ত দিয়ে ঢুকছে মাদক
ডেস্ক নিউজ ||
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত দেশে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক ও চোরাচালানি পণ্য। বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাঝেমধ্যে ছোটখাটো চালান ও বাহক আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল কারবারিরা। ফলে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিস্তীর্ণ সীমান্ত ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। সোমেশ্বরী, মহাদেওসহ পাহাড়ি কয়েকটি নদীর দুই পাড়ে রয়েছে বিভিন্ন জনগোষ্ঠীর বসতি। স্থানীয়দের একটি অংশের সহায়তায় সীমান্ত পারাপারের মাধ্যমে এসব এলাকায় মাদক ও অন্যান্য পণ্য পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
দুর্গাপুর উপজেলার বিজয়পুর, ভবানীপুর ও ফারাংপাড়াসহ কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে এসব পণ্য দেশে প্রবেশ করে। পরে নেত্রকোনার বিভিন্ন সড়ক ব্যবহার করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। মাদক ছাড়াও চিনি, কম্বল, মসলা, প্রসাধনসামগ্রী ও গরু পাচারের অভিযোগ রয়েছে। একইভাবে কলমাকান্দা উপজেলার পাতলাবন, পাঁচগাঁও, বিসরপাশা ও মহেষখলা সীমান্ত দিয়েও পণ্য পাচার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সরকার পরিবর্তন হলেও এসব এলাকায় মাদক ও চোরাচালান বন্ধ হচ্ছে না। মাঝেমধ্যে বাহক বা ছোট কারবারিরা আটক হলেও মূল হোতারা থেকে যাচ্ছেন আড়ালে। আটক ব্যক্তিদের কেউ কেউ পরে জামিনে বেরিয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ছেন।
জানা গেছে, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে সীমান্ত দিয়ে মদ, ইয়াবা, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ বিভিন্ন মাদক দেশে প্রবেশ করছে। এ ছাড়া গরু, চিনি, কম্বল, জিরা, সুপারি, ওষুধ, বাঁশ, কয়লা, চিপস, রাসায়নিক পদার্থ, শাড়ি, লেহেঙ্গা ও বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রীও পাচার হচ্ছে।
স্থানীয় ও বিভিন্ন গোয়েন্দা সূত্রের দাবি, মাঝেমধ্যে ছোট চালান আটক হলেও বড় চালান সীমান্ত পার হয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বিজিবির নিয়মিত টহল ও অভিযানে প্রায় প্রতিদিনই মালিকবিহীন মাদক ও চোরাচালানি পণ্য আটক হচ্ছে। এতে সীমান্তে চোরাচালান প্রতিরোধে কিছুটা আশার সঞ্চার হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ৮০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি বলেন, তাঁদের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৯২ কিলোমিটার। এত বিশাল সীমান্ত এলাকায় নজরদারির জন্য রয়েছে মাত্র ১৫টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)। শত প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও বিজিবি সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম