প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
দিনাজপুরে জেলা ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মানুষের ঢল
সুলতান মাহমুদ, দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমাকে কেন্দ্র করে গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে বিশাল জুমার নামাজের জামাত। এতে দিনাজপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে আসা লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। শুক্রবার (৬ নভেম্বর) বেলা দেড়টায় দিনাজপুর শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে এ জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কাকরাইলের মুরুব্বি মুফতি সৈয়দ ওসামা ইসলাম। জামাতে অংশ নেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।শুক্রবার ফজরের নামাজের পর থেকেই দিনাজপুর শহরসহ জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে তাবলিগ জামাতের সাথী এবং সাধারণ মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বেলা ১১টার আগেই মুসল্লিদের উপস্থিতিতে ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে ময়দানের আশপাশের সড়ক ও খোলা জায়গায়ও মুসল্লিদের অবস্থান নিতে দেখা যায়।জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ঢাকার মুরুব্বি ডা. জাকির হোসেন। এর আগে বাদ ফজর বয়ান করেন ঢাকার মুরুব্বি মাওলানা মোহাম্মাদুল্লাহ। বয়ানে দ্বীনের পথে চলা, আত্মশুদ্ধি, নৈতিক জীবন গঠন এবং ইসলামের আদর্শ অনুসরণের বিষয়ে আলোচনা করা হয়।উল্লেখ্য, দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।আগামী রোববার (৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমার সমাপ্তি ঘটবে। আয়োজক ও সাধারণ মুসল্লিদের আশা, আখেরি মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম