প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
পরীমণির গালিগালাজ নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
বিনোদন ডেস্ক ||
চিত্রনায়িকা পরীমনির একটি গালিগালাজ সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় যখন চারদিকে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য চলছে, ঠিক তখন পরীমনির পক্ষ নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন আলোচিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে তসলিমা নাসরিন নারী ও পুরুষের সামাজিক আচরণ এবং লিঙ্গভিত্তিক দ্বিচারিতা নিয়ে তীব্র সমালোচনা করেন।পোস্টের শুরুতেই তিনি লেখেন, ‘পরীমণি গালি দিয়েছে বলে দেশ তোলপাড়। পুরুষের মুখে যে গালি শুনতে শুনতে কারও ভ্রু কুঁচকায় না, নারীর মুখে সেই গালি শুনলেই আঁতকে ওঠে সবাই। ‘মেয়ে হয়েও এমন নোংরা কথা!’ মেয়ে হলে কী করতে হবে? অপমান গিলে মুখে মধু মেখে বসে থাকতে হবে? গালি দেওয়ার অধিকারও কি পুরুষের একার?’নারীর প্রতি সমাজের তথাকথিত দৃষ্টিভঙ্গি ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লেখেন, ‘মানুষের ভালো গুণগুলোর মতো খারাপ গুণগুলোও কোনও একটি লিঙ্গের একচেটিয়া সম্পত্তি নয়। নারী মানেই মমতাময়ী, সহনশীলা, পবিত্র, নিষ্পাপ —এই ছাঁচটিও পুরুষতন্ত্রের তৈরি-- নারীর রাগ থাকবে না, ঘৃণা থাকবে না, মুখে কটু কথা থাকবে না-- পুরুষ যা-ই করুক, নারীকে দেবী হয়ে থাকতে হবে।’তসলিমা নাসরিন তার পোস্টে আরও উল্লেখ করেন, নারীদের সমান অধিকার পাওয়ার ক্ষেত্রে বারবার ভালো মানুষ হওয়ার অতিরিক্ত পরীক্ষা দিতে হয়। কোনো নারী ভুল বা অপরাধ করলে তার সমালোচনা যেন শুধু অপরাধ হিসেবেই করা হয়, সেখানে যেন ‘মেয়ে হয়েও’ এমন শব্দ ব্যবহার করে লিঙ্গভিত্তিক প্রশ্ন তোলা না হয়। পুরুষতান্ত্রিক সমাজের বিভিন্ন প্রথা ও দ্বিচারিতার কঠোর সমালোচনা করে তিনি লেখেন, ‘পুরুষাঙ্গ থাকার সুবিধে ছাড়া এ আর কী? ইয়াক!’তার এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একটি অংশ তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও, অন্য একটি বড় অংশ তার তীব্র সমালোচনা করছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম