প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ বাড়ি ভাঙচুর
ডেস্ক নিউজ ||
ফরিদপুরের সালথায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষের ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সীর সমর্থকদের সাথে নুর ইসলাম মুন্সীর আধিপত্যে নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে কালাম মুন্সী তার ফসলের জমিতে বেড়া দেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে। এরই জের ধরে বিকেলে নুর ইসলাম মুন্সী ও আনছার মাতুব্বরের সমর্থকদের সাথে কালাম মুন্সীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঢাল-সুড়কি, ইটপাটকেল নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষকারীরা ১৫টি বসতঘর ভাঙচুর করে এবং কয়েকটি বাড়ীর মালামাল লুটপাট করা হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সাথে জড়িত কালাম মুন্সী ও নুর ইসলাম মুন্সীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। কালাম মুন্সীর ফসলের জমিতে বেড়া দেওয়া নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম