প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
টাঙ্গাইলে শিশু হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন
ডেস্ক নিউজ ||
টাঙ্গাইলে শিশু হত্যা মামলায় সৎ মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম সাবরিন নাহার সিনথি।
তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে। তিনি নিহত শিশুর বাবা সালাউদ্দিন ইমনের দ্বিতীয় স্ত্রী।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২০ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় শহরের বিশ্বাস বেতকা এলাকার বাসায় সালাউদ্দিন ইমনের শিশু সন্তান সাইফ টেলিভিশন দেখছিল। উচ্চ আওয়াজে টেলিভিশন দেখার কারণে সৎ মা সাবরিন নাহার সিনথি ক্ষিপ্ত হয়ে উঠেন।
তিনি ৩ বছরের শিশু সাইফকে পাশের রুমে ডেকে নিয়ে ওড়না দিয়ে হাত ও নাক-মুখ বেঁধে ফেলেন। এতে সাইফ নিস্তেজ হয়ে পড়ে। ঘটনা ভিন্ন খাতে সাজাতে তিনি শিশুটির হাত-পা বেঁধে বাথরুমে নিয়ে পানিভর্তি বালতিতে মাথা ডুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন। এরপর ডাকাতির নাটক সাজাতে ঘরের আসবাবপত্র এলোমেলো করেন। স্বামীর কাছে ফোনে ডাকাতির মিথ্যা তথ্য জানায়। ঘটনার পর নিহতের দাদা মোহা. সরোয়ার হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। পুলিশের সন্দেহ হলে সাবরিন নাহারকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি সাইফকে হত্যার কথা স্বীকার করেন। পরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
টাঙ্গাইল সদর থানার এসআই প্রতীমা রানী তরফদার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালতে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার পর দণ্ডিত সাবরিন নাহারকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/এমএল
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম