প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত ৫০
ডেস্ক নিউজ ||
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। বুধবার সকালে ছাতক-জাউয়া সড়কের রাঙ্গাডিঙা এলাকায় পাইগাঁও ও জালালিচর গ্রামের লোকজনের মধ্যে দুই ঘণ্টা ঘণ্টাব্যাপি দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের স্থানীয় কৈতক হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তুমুল সংঘর্ষের এক পর্যায়ে জাউয়াবাজার মাদ্রাসার শিক্ষকরা পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, মঙ্গলবার ফুটবল খেলার জয় পরাজয়কে কেন্দ্র করে পাইগাঁও ও জালালিচর গ্রামের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাকে ঘটে। এর জের ধরে বুধবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনাানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম