প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক
মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি ||
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪৫ পিস
ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে। একই দিনে অপর এক
অভিযানে গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন
মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি
উপজেলার গোবিন্দপুর ও রায়পুর এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক
দল বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকায় তুষার মন্ডল (২৪) নামের এক ব্যক্তির
বসতঘরে অভিযান চালায়। এ সময় তিন কক্ষবিশিষ্ট বসতঘরের মাঝের কক্ষে অবস্থানরত তুষার
মন্ডলের দেহ তল্লাশি করে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর
সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তুষার মন্ডল ওই
এলাকার জহেদ আলী মন্ডলের ছেলে। অপরদিকে, একই দিন বালিয়াকান্দি উপজেলার রায়পুর এলাকায় উপজেলা
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে
মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুর মোহাম্মদ শেখ (৩৭)
নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে গাঁজাসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। তিনি
রায়পুর এলাকার সিরাজ শেখের ছেলে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা
অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, নিয়মিত
মামলার আসামি তুষার মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতে
দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ শেখকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম