প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন
ডেস্ক নিউজ ||
ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। খুব শিগগিরই সীমিত পরিসরে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রিজেন্সিতে ‘ইতালিতে দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা জানান।মাহদী আমিন বলেন, ইতালিয়ান ভাষা শিক্ষা, নির্দিষ্ট পেশায় দক্ষতা অর্জন এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় আচরণ ও মূল্যবোধ শেখানোর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এ প্রশিক্ষণ কার্যক্রমকে জাতীয় পর্যায়ে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে চায়।তিনি বলেন, দক্ষ ও স্বল্প খরচে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম লক্ষ্য। অভিবাসনপ্রত্যাশীদের জন্য স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি বিদেশ যাওয়ার খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। সম্ভব হলে কর্মীদের শূন্য খরচে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ইতালি সরকারের উদ্যোগটি সফল হলে এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যান্য দেশ ও পেশাগত খাতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু করা সম্ভব হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে।তিনি জানান, প্রবাসীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ডের আদলে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি তরুণদের তৃতীয় ভাষা শেখানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। ইতালিয়ান ভাষাসহ অন্যান্য আন্তর্জাতিক ভাষা কারিগরি ও ভোকেশনাল শিক্ষা কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।মাহদী আমিন বলেন, বাংলাদেশের তরুণদের মেধা ও যোগ্যতার অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা বিদেশে সম্মানজনক কর্মজীবন গড়ে তুলতে পারবেন।তিনি আরও বলেন, বর্তমানে ইতালিতে আড়াই লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন। দেশটির সমাজ ও অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একই সঙ্গে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করছে।সেমিনারে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশন প্রধান ড. লরা টম বন্ডেসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।উল্লেখ্য, ইতালির অভিবাসন আইন ২০২৩-এর ২৩ ধারা অনুযায়ী, অনুমোদিত প্রস্থান-পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করা দক্ষ কর্মীরা নির্ধারিত ‘ফ্লো ডিক্রি’র কোটার বাইরেও বৈধভাবে ইতালিতে প্রবেশের সুযোগ পেতে পারেন। এসব প্রশিক্ষণে ইতালিয়ান ভাষা, দেশটির সমাজ ও নাগরিক জীবন এবং সংশ্লিষ্ট পেশার দক্ষতা শেখানো হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম