প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের আশঙ্কা, অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক পুলিশ
ডেস্ক নিউজ ||
রাজধানীর মিরপুরে কারখানা থেকে বের হয়ে বাইরে অবস্থান করছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকেই তাঁরা নিজ নিজ কারখানার সামনে জড়ো হন। টানা তৃতীয় দিনের মতো শ্রমিকদের মধ্যে বিক্ষোভের উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় তাঁরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করতে পারেন।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুরের ১০ ও ১১ নম্বর এলাকায় এমন পরিস্থিতি দেখা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ইউসুফ আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, মিরপুর-১১ থেকে ১০ এর দিকে কয়েকটি কারখানার নারী ও পুরুষ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ গলির রাস্তায় জোট বেঁধে থাকতে দেখা যাচ্ছে।
তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে, তারা যেকোনও সময় রাস্তায় নামতে পারেন।’
এদিকে পুলিশও কঠোর অবস্থান নিয়ে আছে। যেকোনও বিশৃঙ্খলা তারা কঠোরভাবে দমন করবেন বলে জানান তারা।
মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মিরপুর-১০ এখন স্বাভাবিক রয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।’
প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছেন। তবে গত রবিবার থেকে আন্দোলন সহিংস রুপ ধারণ করে। রবিবার তারা পুলিশের গাড়িতে আগুন দেয়। দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল সোমবারও রাস্তায় নামার চেষ্টা করেন তারা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা নামতে পারেনি।
পুলিশের একটি সূত্র জানায়, গতকাল সোমবার ৬ জনের মত বিশৃঙ্খলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গত দুই দিনের সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা হয়েছে। মামলায় ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম