প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা
মোঃ আবু জাফর মন্ডল, ভ্রাম্যমান প্রতিনিধি ||
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীসংলগ্ন জামুডাঙ্গা ও মরুয়ারদহ এলাকার ভাঙনপ্রবণ পরিস্থিতি পরিদর্শন করেছেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।সম্প্রতি তাঁর এ পরিদর্শনকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে নদীভাঙনকবলিত এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ও অবকাঠামোগত উন্নয়নের দাবি। স্থানীয়দের অভিযোগ, নদীভাঙনের ঝুঁকির পাশাপাশি যোগাযোগব্যবস্থার দুরবস্থায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। বিশেষ করে একটি স্থায়ী সড়ক ও সেতুর অভাবে এলাকার মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াতসহ জরুরি সেবা গ্রহণ কঠিন হয়ে পড়েছে।এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়ক ও সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনো সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটেনি। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি ও ভাঙনের আশঙ্কা তাঁদের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বসতভিটা, কৃষিজমি ও স্থানীয় যোগাযোগব্যবস্থা আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।এ অবস্থায় সংসদ সদস্যের সরেজমিন পরিদর্শনকে ইতিবাচকভাবে দেখলেও শুধু পরিদর্শন বা আশ্বাসে সীমাবদ্ধ থাকতে চান না স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত কারিগরি সমীক্ষা, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।এলাকাবাসীর মতে, জামুডাঙ্গা-মরুয়ারদহের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এখন প্রয়োজন দৃশ্যমান উন্নয়ন ও কার্যকর বাস্তবায়ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে নদীভাঙনের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম