প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
লালপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
ডেস্ক নিউজ ||
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর২০২৬ইং) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই শিশু হলো—মোছা. আফিয়া খাতুন ও মোছা. শিউলি আক্তার। আফিয়া খাতুন ওই গ্রামের আনারুল ইসলামের একমাত্র মেয়ে এবং শিউলি আক্তার তাঁর ছোট ভাই সিরাজুল ইসলামের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, আনারুল ইসলামের শ্যালিকা বেড়াতে আসায় বাড়িতে মেহমানদের নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। এ সময় সকাল সাড়ে ১০টার পর থেকে দুই শিশুকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে দুই শিশুর মা বাড়ির পাশের পুকুরে খোঁজ করতে গিয়ে পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন।পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে রাজশাহী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, পুকুরটিতে তিনি মাছ চাষ করেন। পুকুরের পাশেই ভুক্তভোগী পরিবারের রান্নাঘর। বাড়িতে মেহমান থাকায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। খেলাধুলার কোনো একপর্যায়ে অসাবধানতাবশত শিশু দুটি পুকুরে পড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম