প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের, ন্যায্য মজুরি নিশ্চিত না হলে আবারও আন্দোলন
ডেস্ক নিউজ ||
আন্দোলনরত তৈরি পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। তবে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে প্রয়োজনে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা।সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের নতুন শ্রমিক প্রতিনিধি বাবুল আক্তার।সংবাদ সম্মেলনে আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কারখানায় ফিরে কাজে যোগ দিন। আমরা আপনাদের ন্যায্য মজুরির দাবিতে লড়াই করব। প্রয়োজন হলে আন্দোলনে অংশ নিতে আবারও আপনাদের ডাক দেওয়া হবে।এ সময় ভাঙচুরের ঘটনায় জড়িত না থাকা সত্ত্বেও আন্দোলনে অংশ নেওয়ার কারণে আটক শ্রমিক নেতাদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর করতে কাজ করবেন শ্রমিক নেতারা।
বাবুল বলেন, সভা করার অজুহাতে নতুন মজুরি কার্যকরে কোনো বিলম্ব হতে দেব না।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, চলমান আন্দোলনে শ্রমিকদের কোনো উপকার হচ্ছে না; বরং এতে তাদের ন্যায্য দাবিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার শ্রমিকদের আন্দোলনে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী অনুপ্রবেশ করেছে কি না, তা চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এই পরিস্থিতির কারণে কারখানার মালিকেরা ক্রয়াদেশ হারাচ্ছেন।
এ সময় সংবাদ সম্মেলনে আরও কয়েকজন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম