প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের উদ্যোগ, জামিনদার হতে পারেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক ||
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইয়াশার পার্টির নেতা গাডি আইজেনকোটের সঙ্গে ঐক্য সরকার গঠনের কথা ভাবছেন। এ সরকার গঠনের চুক্তিতে জামিনদার হিসেবে থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।রোববার (১ নভেম্বর) ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ক্যানের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউ আরব।নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও ডিমোনার মেয়র বেনি বিটন রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক চাল বা নির্বাচনী কৌশল নয়। নেতানিয়াহু সত্যিই একটি ঐক্য সরকার গঠন করতে চান।লিকুদ পার্টির এই নেতা জানান, আগের দিন তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের সঙ্গে কথা বলেছেন। প্রস্তাবিত চুক্তিতে হারজোগ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জামিনদার হিসেবে থাকবেন। তাদের ভূমিকা হবে গাডি আইজেনকোটের পক্ষে চুক্তির নিশ্চয়তা দেওয়া।গত মঙ্গলবারের সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ পরিস্থিতিতে দুই কট্টর ডানপন্থী মন্ত্রী ইতমার বেন-গভির ও বেজালেল স্মোটরিচকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সরকার গঠনের বিষয়টি সামনে এসেছে।এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পও এমন একটি ঐক্য সরকার গঠনের উদ্যোগকে সমর্থন করছেন।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সব পক্ষকে নমনীয় হওয়ার এবং আরেকটি নির্বাচন এড়ানোর আহ্বান জানিয়েছেন। বিটন বিরোধী দলের নেতাদের আলোচনার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি ব্যতিক্রম ছাড়া সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—গাডি আইজেনকোট, অবিগডোর লিবারম্যান এবং নাফতালি বেনেট—তাদের অহংকার সরিয়ে রাখতে। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে; একসঙ্গে আসুন, টেবিলে বসুন এবং একটি চুক্তিতে পৌঁছান।’
একতরফাভাবে নেসেটের স্পিকার পরিবর্তনের চেষ্টা না করার হুঁশিয়ারি দিয়ে বিটন বলেন, ‘যে মুহূর্তে তারা নেসেটের স্পিকার প্রতিস্থাপনের চেষ্টা করবে... আমি কীভাবে বলব? এটি যুদ্ধ ঘোষণার শামিল। সব দলের সম্মতিতে স্পিকার নিয়োগে কোনো সমস্যা নেই। তবে তারা যদি একতরফা সংসদীয় চাল চালতে শুরু করে, তবে তা হবে একটি লাল রেখা।’
তিনি আরও সতর্ক করেন, জাতীয় ঐক্য সরকার গঠন করা না হলে দেশ আরেকটি নির্বাচনের দিকে ধাবিত হবে। বিটনের মতে, লিকুদ পার্টিকে ছাড়া গঠিত যেকোনো সরকার টিকে থাকবে না এবং ‘ছয় মাসের বেশি বেঁচে থাকতে সক্ষম হবে না’।
এদিকে আরব দলগুলোর সমর্থনের ওপর ভিত্তি করে সরকার গঠনের বিকল্পটিকে বিরোধী দলগুলো প্রত্যাখ্যান করলেও জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম পার্টি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারে বলে জয়েন্ট লিস্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন।
সূত্র: দ্য নিউ আরব
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম