প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে দুই টাকার হোটেল, তিন বছর ধরে ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন মাহিন
মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি ||
রাজবাড়ী রেলস্টেশনের ফুলতলা এলাকায়
মাত্র দুই টাকায় খাবার বিক্রি করে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি
ফোটাচ্ছেন মাহিন শিকদার। ‘দুই টাকার হাসি
ফাউন্ডেশন’-এর উদ্যোগে গত তিন বছর ধরে চালিয়ে যাচ্ছেন এই
মানবিক কার্যক্রম। দিনমজুর ও অসচ্ছল মানুষের জন্য চালু করা এই ভ্রাম্যমাণ খাবারের
হোটেলে প্রতিবার সুস্বাদু খাবারের ব্যবস্থা রাখা হয়। উদ্যোক্তা মাহিন শিকদার জানান,
প্রতিবার প্রায় ১০০ জন মানুষের খাবারের প্রস্তুতি রাখা হয়। তবে
খাবারের চাহিদা অনুযায়ী কখনো কখনো এর সংখ্যা আরও বাড়ে। আজকের দিনে ১৫০ টাকার
খাবার বিক্রি হয়েছে বলে জানান তিনি। মাত্র দুই টাকায় মাংস দিয়ে তৈরি
সুস্বাদু খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় দিনমজুর ও নিম্নআয়ের
মানুষ। তাঁদের মতে, এই উদ্যোগ শুধু
স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করছে না, বরং মানুষের
আত্মসম্মান বজায় রেখেও খাবার গ্রহণের সুযোগ করে দিচ্ছে। মাহিন শিকদার বলেন,
“দিনমজুর ও না খেয়ে থাকা মানুষের সুবিধার জন্যই আমাদের এই
উদ্যোগ। তাঁরা যেন নিজেদের অসহায় মনে না করেন, সে জন্য
দুই টাকা দিয়ে খাবার কিনে খাওয়ার ব্যবস্থা করেছি। যতদিন বেঁচে আছি, ততদিন এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।” ‘দুই টাকার হাসি
ফাউন্ডেশন’-এর উদ্যোগে মাহিন শিকদার তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে এই কার্যক্রম পরিচালনা
করছেন। খাবার বিতরণের পাশাপাশি তাঁরা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতেও
নিয়মিত অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছে অসহায় ও প্রতিবন্ধী
ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ, গ্রামীণ
জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে গবাদিপশু বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক উদ্যোগ। স্থানীয়দের কাছে মাহিন শিকদারের এই
উদ্যোগ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। সামান্য অর্থের বিনিময়ে খাবার
গ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে তিনি ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর
পাশাপাশি তাঁদের মর্যাদা ও আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম