প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
গর্ভবতী গাভী জবাই, মৃত বাছুর ফেলে মাংস বিক্রির অভিযোগ
আব্দুর রাজ্জাক , জয়পুরহাট প্রতিনিধি ||
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে আট মাসের গর্ভবতী একটি গাভী জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। গাভীটির পেট থেকে মৃত অপরিণত বাছুর বের হওয়ার পর সেটি গোপনে গোস্তহাটির পাশের একটি ঝোপে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে গাভীটির মাংস বিক্রিও চলছিল। পরে বিষয়টি জানাজানি হলে বাজারে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের মুখে মাংস বিক্রি বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়ভাবে সালিস করে ওই কসাইকে দুই মাস জামালগঞ্জ বাজারে মাংস বিক্রি করতে নিষেধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ শুক্রবার জামালগঞ্জ বাজারের গোস্তহাটিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাংস ব্যবসায়ী মোস্তেন একটি গাভী জবাই করেন। পরে গাভীটির পেট কাটার সময় দেখা যায়, সেটি প্রায় আট মাসের গর্ভবতী। পেট থেকে একটি মৃত অপরিণত বাছুর বেরিয়ে আসে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাছুরটি গোস্তহাটির পাশে একটি ঝোপে গোপনে ফেলে রাখা হয়। অন্যদিকে গাভীটির মাংস বিক্রি করা হচ্ছিল।বিষয়টি জানাজানি হলে বাজারে উপস্থিত ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা কসাই মোস্তেনকে ঘিরে ধরে এ ঘটনার ব্যাখ্যা চান। তাঁদের প্রতিবাদের মুখে গোস্তহাটিতে মাংস বিক্রি বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত মুনাফার আশায় গর্ভবতী গাভীটি জবাই করা হয়েছে। এ ধরনের ঘটনা অমানবিক ও অনাকাঙ্ক্ষিত।কসাই মোস্তেন বলেন, তিনি গাভীটি কিনে এনে জবাই করেছিলেন। জবাইয়ের পর এর পেট থেকে একটি মৃত বাছুর বের হয়। গাভীটি গর্ভবতী ছিল, তা আগে জানতেন না।পরে জামালগঞ্জ বাজারের ব্যবসায়ী ও রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর ইসলাম ছোয়াতের ব্যবসাপ্রতিষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও নেতারা বসে বিষয়টি নিয়ে আলোচনা করেন।আমিনুর ইসলাম বলেন, কসাই মোস্তেন গরু জবাই করার পর এর পেট থেকে মৃত বাছুর বের হয়। তিনি বাছুরটি গোপনে ফেলে রেখে মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জানাজানি হলে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তাঁরা বসে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করেছেন।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, থানা-পুলিশকে কেউ ঘটনাটি জানাননি। এ কারণে ঘটনা সম্পর্কে তাঁর কিছু জানা নেই।আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর রহমান বলেন, ঘটনাটি জানার পর তিনি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে বিএনপি নেতা আমিনুর ইসলাম তাঁকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগের কথা জানান। ওই কসাইকে দুই মাস জামালগঞ্জ বাজারে মাংস বিক্রি করতে দেওয়া হবে না বলে তাঁকে জানানো হয়েছে। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো গরু জবাই করতে দেওয়া হবে না বলেও স্থানীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম