প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
একের পর এক ব্লকবাস্টারের পর এবার ‘খলনায়ক’ নিয়ে হাজির এসভিএফ-আলফা আই
বিনোদন ডেস্ক ||
বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে নিয়মিত নতুন ও মানসম্মত সিনেমা নির্মাণ করে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’।এর আগে প্রতিষ্ঠানটি ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। এবার নতুন সিনেমা ‘খলনায়ক’ নিয়ে দর্শকদের সামনে আসছে প্রতিষ্ঠানটি।সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
নির্মিতব্য এই সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করছেন দেশের অন্যতম দুই শীর্ষ ও প্রভাবশালী অভিনেতা আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। তাদের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে।
চলচ্চিত্রটিতে আরও যুক্ত হয়েছেন একাধিক জ্যেষ্ঠ ও গুণী অভিনয়শিল্পী। রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। এছাড়া বিশেষ একটি চরিত্রে ওপার বাংলা (ভারত) থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অফিশিয়াল ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড’।
এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “শুরু থেকেই আমরা কনটেন্টের গুণগত মান ও দর্শকচাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। ‘খলনায়ক’-এর মাধ্যমে বাংলা ভাষার সিনেমাপ্রেমীদের আমরা বিশ্বমানের একটি সাইকোলজিক্যাল থ্রিলার থিয়েট্রিক্যাল এক্সপেরিয়েন্স উপহার দিতে চাই।”
খলনায়ক প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, “ভিকি জাহেদের কাজে সবসময়ই নতুনত্ব ও ভিন্ন ঘরানার গল্প থাকে। ‘খলনায়ক’ সিনেমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও সবসময় উপভোগ্য। আশা করি, বড় পর্দায় এই সিনেমাটি দর্শকদের একদম ভিন্ন রকমের একটি অভিজ্ঞতা দেবে।”
খলনায়ক চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো কোলাবোরেশন করতে যাচ্ছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও ইহাই ইন্টিগ্রেশন। খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য ও কনটেন্ট প্রকাশ করা হবে জানায় এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম