প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
মিরপুরে অবৈধ সার মজুদের বিরুদ্ধে অভিযান
আরিয়ান টুটুল , কুষ্টিয়া প্রতিনিধি ||
কুষ্টিয়ার মিরপুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের বারেক মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৫০ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় বারেক মণ্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী ব্রাদার্সের স্বত্বাধিকারী ফারহানা খান চৌধুরীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং সার জব্দ করা হয়।মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি উপকরণের অবৈধ মজুদ ও অনিয়ম প্রতিরোধ এবং সারের সরবরাহ ও বাজারব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। কৃষি উপকরণের অবৈধ মজুদ ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম