প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ
ডেস্ক নিউজ ||
রাজধানীর তুরাগ নদ থেকে নিখোঁজের এক দিন পর বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (৩৬) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।গতকাল বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।পুলিশ সূত্র ও উদ্ধারকারী কর্মকর্তারা জানান, গতকাল বিকেলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান মরদেহটি ডাঙায় নিয়ে আসে।মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের পরনে সাদা পাজামা ও কালো জামা, হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। উক্ত সচল আইফোনের সূত্র ধরেই তাঁর নিখোঁজ ও পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করে পুলিশ।নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট। তাঁর বাবার নাম কে এম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা ছিলেন।নিহতের স্বজন ও স্বজনদের খবর দেওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে হস্তান্তর করা হয়েছে।পুলিশ কর্মকর্তা ফিরোজ উদ্দিন জানান, সাউরির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। এটি কোনো দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম