প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
কেন ঘটল বিদ্যুৎ বিপর্যয়, খতিয়ে দেখবে তদন্ত কমিটি
ডেস্ক নিউজ ||
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজে বের করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন এই সমস্যা দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখবে কমিটি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সুপারিশও করবে তারা।বিদ্যুৎ বিভাগের এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
সদস্য হিসেবে রয়েছেন- পাওয়ার গ্রিড বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক (পিএন্ডডি) মো. আমির খসরু, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) সিস্টেম প্রটেকশন অ্যান্ড টেস্টিং কমিশনিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আতিকুর রহমান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন প্রতিনিধি। কমিটির সদস্যসচিব করা হয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশের নির্বাহী পরিচালক (ওএন্ডএম) মো. আব্দুল মোনায়েম চৌধুরীকে।
প্রয়োজনে কমিটি উপযুক্ত ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির কার্যপরিধিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘটিত আংশিক গ্রিড বিপর্যয়ের কারণ চিহ্নিত করা, এ ধরনের বিপর্যয় রোধে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়ন এবং গ্রিডের সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম