প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুর জোট এগিয়ে, সরকার গঠনে এখনো দরকার ৬ আসন
আন্তর্জাতিক ডেস্ক ||
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে জোটটির আরও ছয়টি আসন প্রয়োজন।বুধবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।প্রাথমিক ফলাফলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি। দলটি পেয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ ভোট। আর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে নেতানিয়াহুর জোট ৫৫টি এবং বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো ১৬টি আসন পেতে পারে বলে প্রাথমিক ফলাফলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। সে হিসাবে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও এখনো এককভাবে সরকার গঠনের মতো অবস্থানে পৌঁছাতে পারেনি।
এর আগে ভোট গণনার প্রাথমিক পর্যায়ে লিকুদ পার্টির প্রাপ্ত ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ। পরবর্তী সময়ে তা কমে ২১ দশমিক ৭ শতাংশে নেমে আসে। সর্বশেষ গণনায় দলটির ভোটের হার আরও কমে ২০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার বেড়েছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গণনা এখনো চলমান রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে দলগুলোর প্রাপ্ত ভোটের হার ও সম্ভাব্য আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম