প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৪ ফিলিস্তিনির
আন্তর্জাতিক ডেস্ক ||
গাজা উপত্যকায় মঙ্গলবার ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এ ছাড়া, আগের হামলায় আহত ছয় বছর বয়সী এক শিশুসহ দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।সূত্র জানায়, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-হাওজা সড়কে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৮ বছর বয়সী মাহমুদ সামিহ আল-হারশ নিহত হন।অন্যদিকে, দক্ষিণ গাজার রাফাহ এলাকার আল-মাওয়াসি অঞ্চলে আল-আলম গোলচত্বরের কাছে ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। পরে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।এদিকে, খান ইউনিসে চিকিৎসাধীন অবস্থায় ছয় বছর বয়সী তাহানি মোহাম্মদ সাঈদ শালালফেহ মারা গেছে। সোমবার আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়েছিল শিশুটি। এ ছাড়া, আগের হামলায় আহত আরও এক ব্যক্তিও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ছাড়া, কয়েক দিন আগে গাজা শহরের কেন্দ্রস্থলে আল-থাওরা সড়কে ইসরায়েলি হামলায় আহত আহমেদ ইয়াসিন বিসেইসোও মারা গেছেন।
সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, খান ইউনিসের উপকূলে ইসরায়েলি ড্রোন থেকে ফেলা বোমার স্প্লিন্টারের আঘাতে এক জেলে আহত হয়েছেন। এ ছাড়া, কিজান রাশওয়ান ও হামাদ সিটির পূর্বাঞ্চলে পৃথক ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
আল-আওদা হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুজন ফিলিস্তিনি আহত হয়েছেন। তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে।
স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, গাজা শহরের পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের কাছে সমুদ্রসৈকতে অবস্থানরত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি নৌযান থেকে গোলাবর্ষণ ও মেশিনগানের গুলি চালানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ যুদ্ধে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম