প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
মোবাইল কিনতে এসে প্রাণ বন্ধুর, আরেকজন হাসপাতালে
ডেস্ক নিউজ ||
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রলিকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের সামনে ছিটকে পড়ে মিদুল রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আশিকুর রহমান। তারা দুজনেই বন্ধু। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী মহাসড়কের ধর্মমড়া পুকুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মিদুল রহমান দিনাজপুর সরকারি কলেজ মোড়ে একটি দোকানের কর্মচারী। কাঞ্চন বালুয়াডাঙ্গা এলাকার দুলাল হোসেনের ছেলে তিনি। তার বাড়ীতে স্ত্রী ও তিন মাস বয়সী কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে আহত আশিকুর রহমান একই এলাকার আব্দুল খালেকের ছেলে। প্রত্যক্ষদর্শীয় বদরুল ইসলাম জানান, মোটরসাইকেলে ব্ন্ধুর পিছনে বসে মোবাইল ফোন কিনতে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আসছিলেন মিদুল রহমান। রাস্তায় ট্রলিকে ওভারটেক করার সময় সামনে যাত্রীবাহী বাস চলে আসে। এ সময় মোটরসাইকেল ব্রেক দিলে পিছন থেকে ছিটকে সামনে পড়ে মিদুল। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আশিকুরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করান। বালিয়াডাঙ্গী থানার উপ পরিদর্শক শাহরিয়ার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসছেন। যাত্রবাহী বাস কিংবা ট্রলি কোনটাইকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিন।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম