প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
‘খুনি নই, আমি প্রেমিক’—নতুন রূপে শাহরুখ খান
বিনোদন ডেস্ক ||
৬০ বছর বয়সেও শাহরুখ খানের রোমান্টিক ভাবমূর্তি আগের মতোই রয়েছে। নতুন সিনেমা ‘কিং’-এর পোস্টারে তাঁকে দেখা গেছে হাতে বন্দুক ও ঠোঁটে গোলাপ নিয়ে আগুনের মধ্য দিয়ে হেঁটে আসতে। পোস্টারে তাঁর সংলাপ, ‘খুনি নই, আমি প্রেমিক।’ এই সংলাপ মনে করিয়ে দিয়েছে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া শাহরুখের সিনেমা ‘বাদশাহ’র কথা। পুরোনো স্মৃতিকে ফিরিয়ে এনে নতুন সিনেমার প্রচারণায় ভিন্নতা এনেছেন এই অভিনেতা।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ আরও অনেকে।‘খুনি নই, আমি প্রেমিক’‘কিং’ সিনেমার নতুন পোস্টারে শাহরুখকে দেখা গেছে অ্যাকশন হিরোর রূপে। চারপাশে আগুন, হাতে বন্দুক আর ঠোঁটে গোলাপ নিয়ে এগিয়ে আসছেন তিনি। তাঁর চোখেমুখে ফুটে উঠেছে কঠোর অভিব্যক্তি। একদিকে অ্যাকশন হিরোর সাহসী চেহারা, অন্যদিকে ঠোঁটে গোলাপ—এই দুইয়ের মিশ্রণ পোস্টারটিকে দিয়েছে আলাদা আকর্ষণ।
পোস্টারের সঙ্গে শাহরুখের লেখা সংলাপটি তাঁর দীর্ঘ অভিনয়জীবনের পুরোনো এক পরিচয়ও ফিরিয়ে এনেছে। রোমান্টিক নায়ক হিসেবে কয়েক দশক ধরে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘বীর-জারা’র মতো ছবিতে প্রেমিক শাহরুখের যে পরিচয় তৈরি হয়েছিল, নতুন পোস্টারেও যেন তারই প্রতিধ্বনি।
জন্মদিনে ঘোষণা, বড়দিনে মুক্তি২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে ‘কিং’ ছবির নাম ঘোষণা করা হয়েছিল। তখন প্রকাশিত প্রথম ঝলকে রুপালি চুলের শাহরুখকে দেখা যায় অ্যাকশন হিরোর সাজে। সেখানে তাঁর সংলাপ ছিল, ‘আমি ভয় নই, আমি আতঙ্ক।’চলতি বছরের জানুয়ারিতে ছবিটির মুক্তির তারিখ জানায় প্রযোজনা প্রতিষ্ঠান। আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের ছুটি সামনে রেখে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। মুক্তির আগে দর্শকদের আগ্রহ বাড়াতে ধাপে ধাপে প্রচারসামগ্রী প্রকাশ করা হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আস্কএসআরকে’ পর্বেও ছবিটির ট্রেলার নিয়ে কথা বলেছেন শাহরুখ। এক ভক্ত ট্রেলার প্রকাশে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, দর্শকদের ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হচ্ছে না। বরং ছবিটি ভালোভাবে তৈরি করতেই সময় নিচ্ছে পুরো দল।
শাহরুখের কথায়, ‘এবার ছবিটাই দেখুন! আপনাদের অপেক্ষায় রাখছি না, ভালো একটা ছবি বানাচ্ছি, যাতে মন ভরে যায়। সবই আসবে ২৪ ডিসেম্বরের আগে।’
বাবা-মেয়ের প্রথম ছবি‘কিং’-এর আরেকটি বড় আকর্ষণ শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছিল সুহানার। এবার বড় পর্দায় বাবার সঙ্গে তাঁকে দেখার অপেক্ষায় দর্শকেরা।এ ছাড়া ‘পাঠান’ ছবির পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। ফলে নতুন ছবিতে এই পরিচালক-অভিনেতা জুটির কাছ থেকে দর্শকদের প্রত্যাশাও বেশি।ছবির গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তবে নতুন পোস্টারে অ্যাকশন আর রোমান্টিকতার মিশেল দেখে ‘কিং’ নিয়ে কৌতূহল বেড়েছে।হিন্দুস্তান টাইমস থেকে নেয়া।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম