প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী ফিরলে আইজিপির ক্রসফায়ার বক্তব্য নিয়ে সিদ্ধান্ত
ডেস্ক নিউজ ||
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে উপদেষ্টা জানান, আইজিপি ইতোমধ্যে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছেন।মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা জানান, গত সোমবার (২৬ অক্টোবর) আইজিপির বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যা বা বিচারপ্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়াকে বোঝাননি।পরে পুলিশ সদর দপ্তর আরেকটি বিবৃতি দিয়ে আগের বক্তব্যের ব্যাখ্যা সংশোধন করে। এতে বলা হয়, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বোঝাতেই আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছিলেন। তবে এর মাধ্যমে বিচারবহির্ভূত হত্যা বা বিচারপ্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার কথা বোঝানো হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উপদেষ্টা বলেন, আইজিপি আসলে তার বক্তব্যে যেটা বোঝাতে চেয়েছেন, সে বিষয়টি মিস কমিউনিকেশন হয়েছে। তিনি এটা ওন করেন না। তিনি বিষয়টার ক্ল্যারিফিকেশন দিয়েছেন।
এসময় ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আইজিপির ব্যাপারে যদি অন্য সিদ্ধান্ত নিতে হয় তাহলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিবেচনা করবেন।’
দিনের শুরুর দিকে ঢাকায় একটি ব্যাংকের শাখা উদ্বোধনে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘প্রয়োজনে সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পুলিশ দ্বিধা করবে না।’
গণমাধ্যমে আসার পর তার এই মন্তব্য ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলো এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জাহেদ বলেন, 'তার জানাজা ও দাফন ঘিরে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দুঃখজনক। একজনের মরদেহের সঙ্গে এমন আচরণ কারও পছন্দ হয়নি।'
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে গতকাল রংপুরে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়েও উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, দেশে চরমপন্থীরা গায়ের জোর দেখাচ্ছে। তবে এ ঘটনায় ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়লে যে কারও বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সম্মেলনে অংশগ্রহণ নিয়ে জাহেদ বলেন, 'ভারত থেকে তার এভাবে অনলাইনে ভাষণ দেওয়ার বিষয়টিতে বাংলাদেশ অসন্তুষ্ট। তার ব্যাপারে সরকারের অবস্থান অপরিবর্তিত।'
বিরোধী দলকে সংবিধান সংস্কার কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের যে বিষয়গুলোতে ভিন্নমত বা আপত্তি রেকর্ড করা হয়েছিল, সরকার সেগুলোর ওপরও কাজ করবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম