প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
স্ত্রীর সম্মতিতে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটল মাসুদের সঙ্গে
ডেস্ক নিউজ ||
নওগাঁর মহাদেবপুরে প্রথম স্ত্রীর সম্মতিতে নিজের শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানার মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মাতাজি বিরামগ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে স্থানীয়দের আপত্তি ও ভাড়া বাসায় থাকতে না দেওয়ার হুমকির মুখে বদলগাছী ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন মাসুদ রানা।স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানার বয়স ৩৫ বছর। তাঁর প্রথম স্ত্রী মৌসুমী (২৮) এবং দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা (২১)। দুজনেরই বাড়ি মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। এর আগে মাসুদ রানা বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেন মাসুদ। তাঁর দাবি, পরিবারের সম্মতি এবং প্রথম স্ত্রী মৌসুমীর অনুমোদনেই এ বিয়ে হয়েছে। বিয়ের পর তিনি ও পূর্ণিমা ফেসবুকে বিষয়টি প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এরপর এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা।বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর বদলগাছীর কয়েকজন তাঁদের ভাড়া বাসায় থাকতে দেওয়া হবে না বলে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই স্ত্রীকে নিয়ে ভাড়া বাসা ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে চলে যান মাসুদ। তবে সেখানেও তাঁকে থাকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, সোমবার রাত ১০টার দিকে মাতাজি বিরামগ্রামে স্থানীয় কয়েকজন তাঁর মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেন। এ ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।স্থানীয় কয়েকজনের দাবি, এ ধরনের বিয়ে সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণেই তাঁরা মাসুদ রানাকে এলাকায় থাকতে দিতে চাননি বলে তাঁদের বক্তব্য।এদিকে ইসলামী বিধান সম্পর্কে জানতে চাইলে মাওলানা রেজাউল করিম বলেন, পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াত অনুযায়ী, দুই বোনকে একই সময়ে বিয়ে করে রাখা নিষিদ্ধ। অর্থাৎ, একজন স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর বোনকে বিয়ে করা যায় না। তবে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর নির্ধারিত বিধান অনুসারে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।নিজের বিয়ের কারণ ব্যাখ্যা করে মাসুদ রানা বলেন, শ্যালিকা পূর্ণিমার অন্য কোথাও বিয়ে হলে তাঁদের আগে ধারণ করা ভিডিও নিয়ে তিনি হয়রানির শিকার হতে পারেন বলে আশঙ্কা করেছিলেন। এ কারণে প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় পূর্ণিমাকে বিয়ে করেছেন।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। স্থানীয়রা তাঁদের মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দিয়েছেন বলে জানতে পেরেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। তাঁদের কোনো মালামালও পুলিশের কাছে নেই।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম