প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
আইজিপির ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে মন্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ডেস্ক নিউজ ||
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশের দাবি, আইজিপির বক্তব্য আক্ষরিক অর্থে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে বলা হয়েছিল; এটি কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থনে বলা হয়নি।সোমবার (২৬ অক্টোবর ২০২৬) এক প্রেস রিলিজের মাধ্যমে এই স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রদান করে পুলিশ হেডকোয়ার্টার্স।পুলিশ সদর দপ্তর জানায়, সোমবার সকালে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ব্যাংক’-এর চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়েছিল। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এই কথা বলা হয়নি।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালন করতে গিয়ে চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৪ জন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। দেশের প্রচলিত আইন—বিশেষ করে দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১ অনুযায়ী পুলিশ আত্মরক্ষার আইনগত অধিকার ভোগ করে থাকে।সাংবাদিকদের উদ্দেশ্য করে আইজিপির মন্তব্য প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশ প্রধান সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনো বক্তব্য দিতে চাননি। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টি অসাবধানতাবশত ঘটেছে।বিজ্ঞপ্তির শেষাংশে পুলিশ সদর দপ্তর পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশ পুলিশ সর্বদা মানবাধিকার সমুন্নত রেখে এবং বিচারিক কাঠামোর ভেতরে থেকেই পেশাদারত্ব ও নিরপেক্ষতার সাথে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম