প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
সাঘাটায় অবৈধ বালু উত্তোলন, চালকের ১৫ দিনের কারাদণ্ড
মোঃ আবু জাফর মন্ডল, ভ্রাম্যমান প্রতিনিধি ||
গাইবান্ধার সাঘাটায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক কাঁকড়াগাড়িচালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয় এবং বালু পরিবহনে ব্যবহৃত গাড়ির ব্যাটারি জব্দ করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) উপজেলার কচুয়া ইউনিয়নের আগ কচুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।অভিযান সূত্রে জানা যায়, উপজেলার ওই এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ড্রেজার মেশিন ফেলে পালিয়ে যান। এ সময় উত্তোলন করা বালু কাঁকড়াগাড়িতে তোলার প্রস্তুতিকালে সুমন (১৯) নামের এক চালককে আটক করা হয়।আটক সুমন উপজেলার কচুয়া বাজার এলাকার শফিকুলের ছেলে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করার পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত কাঁকড়াগাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম