প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২
আব্দুর রাজ্জাক , জয়পুরহাট প্রতিনিধি ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রাম থেকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ ও ২০ বিজিবি ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল। এ ঘটনায় আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চেঁচড়া গ্রামের মৃত মুল্লুক চাঁদের ছেলে মো. আবুল কাশেম (৫৫) এবং মৃত ছইমুদ্দিনের ছেলে মো. সুরুজ মণ্ডল (৪০)।এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে আবুল কাশেমের বসতবাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আবুল কাশেম ও সুরুজ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে একই উপজেলার ভুঁইডোবা গ্রামের মো. রিফাত (২৩) নামের আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। তবে তিনি পালিয়ে যান।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক সংগ্রহ করে এলাকায় বিক্রির অভিযোগ রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম