প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
ডেস্ক নিউজ ||
গাজীপুর মহানগরীর কাশিমপুরে 'সুপ্রিম গার্মেন্টস'-এর কার্টন ও সুতার গোডাউনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় অবস্থিত ওই কারখানার গোডাউনে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোডাউনের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ভেতরে সুতা ও খালি কার্টনের মতো প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা ও চারদিকের বিষাক্ত কালো ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা অনেক বেশি হওয়ায় পরবর্তীতে আশপাশের স্টেশন থেকে আরও ইউনিট এসে যুক্ত হয়। বর্তমানে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবে গোডাউনে বিপুল পরিমাণ খালি কার্টন ও সুতা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম