প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে স্বর্ণ
ডেস্ক নিউজ ||
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে। জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার কারণে শুক্রবারও (২৩ অক্টোবর) স্বর্ণের দরপতন অব্যাহত ছিল। এভাবে চলতে থাকলে গত চার মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়বে মূল্যবান এই ধাতু।শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ১৩ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়। দিনের লেনদেনের একপর্যায়ে দাম ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ।অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার চুক্তির দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৮ ডলারে নেমেছে।ক্যাপিটাল ডটকমের বাজার গবেষণা বিভাগের প্রধান মন্টে সাফিয়েদ্দিন বলেন, বিনিয়োগকারীরা স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের ওপরে ধরে রাখার চেষ্টা করছেন। এই সীমার নিচে দাম নেমে গেলে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, বন্ডের উচ্চ মুনাফা এবং শক্তিশালী ডলারের প্রভাব বাড়ার ইঙ্গিত পাওয়া যেতে পারে।সৌদি আরবে হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দীর্ঘ সময় বেশি রাখবে—এমন ধারণা জোরালো হচ্ছে।স্বর্ণ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমতে পারে। এর প্রভাব পড়ছে স্বর্ণের বাজারেও।মন্টে সাফিয়েদ্দিনের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লে তেলের দাম আরও বাড়তে পারে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়বে এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছিয়ে যেতে পারে। এমন পরিস্থিতি স্বর্ণের বাজারের জন্য নেতিবাচক।বিনিয়োগকারীদের নজর এখন আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। পাশাপাশি আগামী সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যও গুরুত্বপূর্ণ। দেশটির মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম প্রধান সূচক এটি।বাজারের অধিকাংশ অংশগ্রহণকারী মনে করছেন, আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৮০ শতাংশ বলে বাজারের পূর্বাভাসে উঠে এসেছে।এদিকে, বাজার পরিস্থিতির পরিবর্তন ও বিনিয়োগকারীদের সম্পদ বিক্রির প্রবণতার কথা উল্লেখ করে এইচএসবিসি ২০২৬ সালে প্লাটিনাম ও প্যালাডিয়ামের গড় দামের পূর্বাভাস কমিয়েছে।শুক্রবার স্পট মার্কেটে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫৩ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৫৫৯ দশমিক ৭৬ ডলার। আর প্যালাডিয়ামের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ১ হাজার ৫৩ দশমিক ৪১ ডলারে রয়েছে।স্বর্ণের পাশাপাশি চলতি সপ্তাহে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমার পথে রয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম