প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
এক মাসও টিকল না কোটি টাকার সড়ক, উঠে যাচ্ছে ঢালাই
ডেস্ক নিউজ ||
চাঁদপুর সদর উপজেলার শাহতলী জেলা কারাগার সড়কের সংস্কারকাজ শেষ হওয়ার এক মাস পার না হতেই বিভিন্ন স্থানে ঢালাই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। এক কোটি টাকা ব্যয়ে সংস্কার করা সড়কের এমন অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, সড়কের কিছু অংশের ঢালাই এতটাই দুর্বল যে হাতের সামান্য চাপে তা গুঁড়ো হয়ে যাচ্ছে। দীর্ঘদিনের দুর্ভোগ শেষে সড়কটি সংস্কার করা হলেও এখন আবার এর স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।জানা গেছে, জেলা কারাগার থেকে শাহতলী বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সড়কটির দুরবস্থা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংস্কারকাজ করা হয়। তবে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে ঢালাই উঠে যাওয়ার বিষয়টি সামনে আসে।স্থানীয় বাসিন্দা মো. ফারুক ও মিজানুর রহমান জানান, সড়কটির দুরবস্থার কারণে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে। সংস্কারের পর তারা স্বস্তির আশা করেছিলেন। কিন্তু কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় সেই আশা পূরণ হয়নি।সড়কের ঢালাই উঠে যাওয়ার বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হাত আমিন পাটওয়ারী বলেন, সংস্কারকাজের সময় কয়েকটি স্থানে শিক্ষক ও এলাকাবাসীর অনুরোধে স্পিড ব্রেকার তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, এসব স্থানে যথাযথভাবে ঢালাই করা সম্ভব হয়নি।তিনি আরও জানান, এক কোটি টাকা ব্যয়ে সড়কটির সংস্কার করা হয়েছে। অধিকাংশ অংশ ভালো থাকলেও দুই-একটি স্থানে সমস্যা রয়েছে। তিনি সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশের সমস্যা সমাধানে ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন।অন্যদিকে, সংশ্লিষ্ট ঠিকাদার মো. আলমগীর দাবি করেছেন, সড়কের যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো মেরামত করে দেওয়া হয়েছে।তবে স্থানীয়দের দাবি, সড়কের ক্ষতিগ্রস্ত অংশের নির্মাণমান ও ঢালাইয়ের ত্রুটি যথাযথভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাদের প্রত্যাশা, দ্রুত সমস্যার সমাধান করে সড়কটি টেকসই করা হবে, যাতে সরকারি অর্থ ব্যয়ে সংস্কার করা সড়কটি আবারও দুর্ভোগের কারণ না হয়।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম