প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
লালমনিরহাটের আদিতমারীতে অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা
ডেস্ক নিউজ ||
সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় এলাকায়, আজ সকাল আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: আজিজা বেগম একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস সালাম নিরব উপস্থিত ছিলেন।মোবাইল কোর্ট দুই ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা এবং এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে এবং একই সাথে ৭০ বস্তা সার জব্দ করেছে। জানা গেছে, পূর্ব দৈলজোড় এলাকার একটি মুদি দোকান থেকে ৫১ বস্তা ইউরিয়া পাচারের উদেশ্যে মজুদ করা হয় এবং পাচারে জড়িত কুড়িগ্রামের চিলমারীর বাসিন্দা দুলালকে ধানক্ষেত থেকে আটক করা হয়। পরবর্তীতে তাকে 'সার ব্যবস্থাপনা আইন, ২০০৬' অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার তথ্যের ভিত্তিতে 'শফিকুল আলম ট্রেডার্স' ডিলার পয়েন্টে অনিয়ম পাওয়ায় 'শফিকুল আলম ট্রেডার্সকে’ ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, টিপার বাজার এলাকায় ভ্যানগাড়িতে পাচারকালে ১৯ বস্তা ডিএপি সার আটক করা হয়। ভ্যানচালকের তথ্যের ভিত্তিতে 'মনি ট্রেডার্স' নামক ডিলার পয়েন্টে সারের অবৈধ বিক্রয়ের সত্যতা পেয়ে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী 'মনি ট্রেডার্সকে' ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। আটককৃত সারের উৎস সম্পর্কিত এক পলাতক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে নিয়মিত মামলা দায়েরের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম