প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর সফর
ডেস্ক নিউজ ||
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিকেলে মোংলা বন্দর পরিদর্শনে যাবেন। বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই তাঁর এ সফর। এর মাধ্যমে মোংলা বন্দরসহ দেশের উপকূলীয় অঞ্চলের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।প্রতিমন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের বিভিন্ন স্থাপনা ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখবেন। এ সময় চীনা বিনিয়োগ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সুন্দরবন পরিদর্শন, মোংলা নদীর ওপর সেতু নির্মাণ এবং সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়গুলো তাঁর সামনে তুলে ধরা হবে।তিনি আরও বলেন, ১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফয়লায় খানজাহান আলী বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর সফরে বিমানবন্দরটির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে মোংলা বন্দর, সুন্দরবন ও আশপাশের উপকূলীয় এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।
সফরকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের জেটি ও চ্যানেল পরিদর্শন করবেন। এ ছাড়া সুন্দরবন ও হিরণ পয়েন্টে যাওয়ার কথা রয়েছে তাঁর। আকরাম পয়েন্টে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনের স্থান এবং চীনা বিনিয়োগভিত্তিক বিশেষ অর্থনৈতিক অঞ্চলও পরিদর্শন করার কথা রয়েছে।
মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, প্রধানমন্ত্রী বন্দরে এসে চীনের সঙ্গে চুক্তি হওয়া নতুন জেটি নির্মাণের স্থান পরিদর্শন করবেন। তিনি বন্দরের চ্যানেলে যথাযথভাবে খননকাজ চালানোর দাবি জানান, যাতে নাব্যতা বাড়ে এবং বড় জাহাজ বন্দরে প্রবেশ করতে পারে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম