প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড
তানভীর তুহিন , ফরিদপুর প্রতিনিধি ||
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) উপজেলার পদ্মা নদীতে মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ওই তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেককে কারাদণ্ড দেওয়া হয়।অভিযান চলাকালে নদী থেকে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল নিয়ম অনুযায়ী পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করেন পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা।সংশ্লিষ্টরা জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ইলিশ মাছ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে নদীতে ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধি বাড়বে। তাই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, পরিবহন ও সংরক্ষণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।মা ইলিশ রক্ষা এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম