প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
রাঙাবালীত মা ইলিশ সংরক্ষণ অভিযান
ডেস্ক নিউজ ||
মা ইলিশ সংরক্ষণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার জাল, ১৮ কেজি ইলিশ ও তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।রোববার রাত ১১ থেকে সোমবার পর্যন্ত উপজেলার আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের দিকনির্দেশনায় উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের রাঙ্গাবালী আউটপোস্ট যৌথভাবে এ অভিযান চালায়।অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন। জানা যায়, অভিযানকালে সোমবার সকাল ৬টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম সংলগ্ন তেতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া জব্দ করা ৫০ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ১৮ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় আটক জেলেদের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার হওয়া মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সাগর ও নদ-নদীতে অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা চলছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম