প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
পদ্মায় মা ইলিশ রক্ষার অভিযানে উত্তেজনা, এমপি-প্রশাসনকে ধাওয়া; আটক ৩৬ জেলে
শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি ||
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালাতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মুখে পড়েছেন সংসদ সদস্যসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। অভিযানের সময় তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে জেলেদের বিরুদ্ধে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার পালেরচর এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নদীতে অভিযান চালাচ্ছিলেন। একপর্যায়ে জেলেদের সঙ্গে অভিযানে অংশ নেওয়া সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, এ সময় শতাধিক জেলে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং লাঠিসোঁটা নিয়ে অভিযানে থাকা সদস্যদের ধাওয়া দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযানে অংশ নেওয়া সদস্যরা পালেরচর এলাকায় নদীর পাড়ে অবস্থান নেন।অভিযানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।সংশ্লিষ্ট সূত্রের দাবি, উত্তেজনার একপর্যায়ে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান জোরদার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ৩৬ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।ঘটনার বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, আমরা এখনো পদ্মা নদীতে অবস্থান করছি। ঘটনাটি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যারা এ ঘটনা ঘটাচ্ছে, তাদের শক্ত হাতে প্রতিহত করার চেষ্টা করছি।শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, পালেরচর এলাকার পদ্মা নদীতে আমরা অভিযানে যাওয়ার পর জেলেরা গ্রেপ্তারের ভয়ে ইটপাটকেল ছুড়েছে। পরে অভিযান জোরদার হলে তারা পালিয়ে যায়। আমরা ৩৬ জন জেলেকে আটক করেছি।তবে নিজের ওপর হামলার বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম। তিনি বলেন, আসলে আমার ওপর হামলা—এভাবে বিষয়টি দেখছি না। তারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অভিযান প্রতিহত করার জন্যই তাদের এ ক্ষোভ।মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিচালিত অভিযানকে কেন্দ্র করে পালেরচরে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আটক ৩৬ জনের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম