প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ডেস্ক নিউজ ||
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেলে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রিয়াদগামী ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এ সংক্রান্ত তথ্য যাত্রীদের যথাসময়ে জানানো হবে।অন্যদিকে, সৌদি আরবের জেদ্দা ও মদিনা রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে বেশি যাত্রী বহনে সক্ষম উড়োজাহাজ পরিচালনা করছে বিমান। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলবে।এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইট চলাচল ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম